জামালপুরে কাভার্ডভ্যানের চাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত, আহত ৬।
জামালপুরে কাভার্ডভ্যানের চাপায় ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, টাঙ্গাইলগামী একটি কাভার্ডভ্যান বেপরোয়া গতিতে এসে বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাশেদ মিয়া নামের এক যাত্রী মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন—চাঁন মিয়া,আরিফা খাতুন পলি ও অজ্ঞাত এক ব্যক্তি—মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
নিহতদের মধ্যে চাঁন মিয়ার বাড়ি সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নে, আর রাশেদ ও পলির বাড়ি সরিষাবাড়ী উপজেলায়।
দুর্ঘটনায় আহত জাহাঙ্গীর, সাদিকা, ফারজানা, সন্ধ্যা, শিশু আরশসহ মোট ছয়জনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের সবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতরা সবাই জামালপুর সদর উপজেলার দিগপাইত ও তিতপল্লা ইউনিয়নের বাসিন্দা।
ওসি নাজমুস সাকিব জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছে, তবে গাড়িটি জব্দ করা হয়েছে। অজ্ঞাত নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

মতামত দিন