জাতীয়
ছবি: সংগৃহীত

রাবিতে চেয়ারম্যান অপসারণ দাবিতে অনশনে শিক্ষার্থীরা, চারজন অসুস্থ।

নিজেস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এনামুল হক-এর অপসারণের দাবিতে চলমান আমরণ অনশনে চার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার (২৭ অক্টোবর) সকালে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা অনশন চালাচ্ছেন। অসুস্থ শিক্ষার্থীদের নাম হলো—সুমন আলী মণ্ডল, সাদিক হাসান, ইমন হোসেন ও ইলমুল মুনতাহা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

এর আগে রোববার (২৬ অক্টোবর) দুপুর থেকে পাঁচ শিক্ষার্থী প্রশাসনিক ভবনের সামনে অনশন শুরু করেন। অনশনের আগে তারা টানা চার দিন ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিভাগটিকে ‘শাটডাউন’ ঘোষণা করেছিল। শিক্ষার্থীরা দাবি জানিয়েছেন, “বহিরাগত চেয়ারম্যান অপসারণ করে বিভাগের মধ্য থেকেই নতুন চেয়ারম্যান নিয়োগ দিতে হবে।”

রোববার দুপুরে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেছিলেন। তবে কোনো নির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় তারা অনশনে বসেন।

উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, “সংকট সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে। আজ দুপুর ১২টায় বিষয়টি নিয়ে মিটিং অনুষ্ঠিত হবে, আলোচনার পর সিদ্ধান্ত জানানো হবে।”

মতামত দিন