জাতীয়
ছবি: সংগৃহীত

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি ঘোষণা।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৪৭তম বিসিএস পরীক্ষার লিখিত পর্বের সময়সূচি প্রকাশ করেছে। পরিকল্পনা অনুযায়ী, পরীক্ষা শুরু হবে আগামী ২৭ নভেম্বর এবং শেষ হবে ১৮ ডিসেম্বর।

রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—মোট আটটি বিভাগীয় কেন্দ্রে একযোগে আবশ্যিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পদ সংশ্লিষ্ট কিছু বিষয়ের পরীক্ষা কেবল ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

আবশ্যিক পরীক্ষাগুলো সকাল ১০টা থেকে শুরু হয়ে বিষয়ভেদে দুপুর ১টা বা ২টা পর্যন্ত চলবে। সূচি অনুযায়ী নির্ধারিত বিষয়গুলো হচ্ছে—২৭ নভেম্বর বাংলা প্রথম পত্র (০০১), ৩০ নভেম্বর বাংলা দ্বিতীয় পত্র (০০২), ১ ডিসেম্বর ইংরেজি (০০৩), ৩ ডিসেম্বর বাংলাদেশ বিষয়াবলি (০০৫), ৪ ডিসেম্বর আন্তর্জাতিক বিষয়াবলি (০০৭), ৭ ডিসেম্বর গাণিতিক যুক্তি (০০৮) ও মানসিক দক্ষতা (০০৯), এবং ৮ ডিসেম্বর সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি (০১০)।

আবশ্যিক পরীক্ষার পর ১০ ডিসেম্বর থেকে পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা শুরু হবে। এই পরীক্ষাগুলো ধারাবাহিকভাবে ১০, ১১, ১৫, ১৭ এবং ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বিপিএসসি জানিয়েছে, পরীক্ষা সংক্রান্ত হল, আসন বিন্যাস ও অন্যান্য নির্দেশনা পরে কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd/) প্রকাশিত হবে। এছাড়া প্রয়োজন হলে প্রকাশিত সময়সূচিতে পরিবর্তন বা সংশোধনের অধিকার কমিশন সংরক্ষণ করে।

মতামত দিন