তিন মাসেই ফেরত মিলবে বেদখল জমি, কার্যকর হলো নতুন বিধান।
জমির দখল ফেরত পেতে বছরের পর বছর আদালতে ঘুরে বেড়ানোর দিন শেষ হতে চলেছে। এখন মাত্র তিন মাসেই হারানো জমির দখল ফিরে পাওয়া সম্ভব হবে।
সরকারের মতে, এই নতুন আইন ভূমি খাতে দীর্ঘসূত্রিতা, দালালদের প্রভাব এবং দুর্নীতি কমিয়ে আনবে। একই সঙ্গে সাধারণ মানুষের জমি সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তি হবে স্বচ্ছ প্রক্রিয়ায়।
আইন অনুসারে, এখন আর দখল সংক্রান্ত বিরোধে দেওয়ানি আদালতে মামলা করতে হবে না। ক্ষতিগ্রস্ত ব্যক্তি সরাসরি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ জমা দিতে পারবেন। অভিযোগ পাওয়ার পর ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ দেবেন এবং প্রয়োজন মনে করলে পুলিশ বা প্রশাসনকে ব্যবস্থা নিতে বলবেন।
পুরো প্রক্রিয়া তিন মাসের মধ্যে শেষ করতে হবে—এটি বিধিমালায় বাধ্যতামূলক করা হয়েছে। ৬ নম্বর ধারায় বলা হয়েছে, আবেদনকারীর জমির বিস্তারিত তথ্য, খতিয়ান, দাগ নম্বর, দলিল, নামজারি, করের রেকর্ড, জরিপ ও প্রয়োজনীয় প্রমাণপত্র (ছবি বা ভিডিওসহ) সংযুক্ত করতে হবে।
অভিযোগের পর প্রতিপক্ষকে ১৫ দিনের মধ্যে ব্যাখ্যা দেওয়ার সুযোগ থাকবে। তদন্ত ও শুনানির পর ম্যাজিস্ট্রেট একতরফা সিদ্ধান্তও দিতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে দখল না ছাড়লে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে জোরপূর্বক জমি উদ্ধার করা হবে।
দখল হস্তান্তরে বাধা দিলে দায়ীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা বা মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি দেওয়ার বিধান রয়েছে। কোনো কর্মকর্তা দায়িত্বে অবহেলা করলে তাঁর বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে যে বিষয়ে দেওয়ানি আদালতে মামলা চলছে, সে বিষয়ে ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা যাবে না। তবে আদালত চাইলে মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাতে পারবেন।
নতুন এই বিধান কার্যকর হওয়ার ফলে ভূমি মালিকদের জন্য খুলে গেল ন্যায়বিচারের দ্রুত ও কার্যকর পথ—যেখানে বছরের পর বছর নয়, তিন মাসেই পাওয়া যাবে নিজের জমির বৈধ দখল।
মতামত দিন