ফার্মগেটে মেট্রোরেল দুর্ঘটনায় নিহত যুবকের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ও চাকরির ব্যবস্থা ঘোষণা।
রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোলাইনের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
নিহত যুবকের নাম আবুল কালাম (৩৩)। তার বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার কিশোরকাটি গ্রামে। আহতদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, নিহত ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া পরিবারের অন্য সদস্যকে মেট্রোরেলে চাকরির ব্যবস্থা করা হবে।
এদিকে, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমদ জানিয়েছেন, মেট্রোরেল চালুর আগে নিয়মিত চেকিং করা হয়। তবে কেন দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
দুর্ঘটনার কারণে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা এখনও ঠিক হয়নি।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে ফার্মগেট এলাকায় একটি পিলার থেকে একইভাবে বিয়ারিং প্যাড পড়ে দুর্ঘটনা ঘটেছিল।
মতামত দিন