ফার্মগেটে মেট্রোরেল পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু।
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) দুপুরে ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এই ঘটনা ঘটে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পর দুপুর সাড়ে ১২টার দিকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে কখন পুনরায় চালু হবে তা নিশ্চিত নয়।
ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, মেট্রোরেলের লাইনের নিচে থাকা উড়াল পথের পিলারের সঙ্গে সংযুক্ত রাবারের বিয়ারিং প্যাডগুলোর ওজন প্রতি প্যাড আনুমানিক ১৪০-১৫০ কেজি। প্যাড ছাড়া ট্রেন চালালে উড়াল পথ স্থানচ্যুত হওয়ার আশঙ্কা থাকে। উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বরে একই এলাকায় একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে ট্রেন চলাচল ১১ ঘণ্টা বন্ধ হয়েছিল।
মতামত দিন