জাতীয়
ছবি: সংগৃহীত

কমলনগরে জেলের জালে ধরা পড়ল আড়াই কেজির ইলিশ, বিক্রি ৯ হাজার টাকায়।

নিজেস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরের কমলনগরের মতিরহাট মাছঘাটে জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি বিরল আকারের ইলিশ। রোববার (২৬ অক্টোবর) সকালে নিলামে মাছটি ৯ হাজার ২০০ টাকায় বিক্রি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোলার সাদ্দাম মাঝি ১৫ জন সহযাত্রী নিয়ে তিন দিন আগে সাগরে মাছ ধরতে যান। শনিবার রাতে জাল তুলতেই ধরা পড়ে এই বড় ইলিশসহ আরও কয়েকটি মাছ। পরদিন সকালে আড়তে তোলার পর নিলামে মাছটি সর্বোচ্চ দামে কিনে নেন মৎস্য ব্যবসায়ী আমির ব্যাপারী।

আড়তদার বাবুল বলেন, “আমাদের ঘাটে এত দামে ইলিশ বিক্রির ঘটনা এই প্রথম। এত বড় ইলিশ সচরাচর জালে ওঠে না।”

ক্রেতা আমির ব্যাপারী জানান, “২ কেজি ৫০০ গ্রাম ওজনের ইলিশটি ৯ হাজার ২০০ টাকায় কিনেছি। ঢাকায় বড় ইলিশের চাহিদা বেশি, সেখানে পাঠালে ভালো দাম পাওয়া যাবে—সম্ভবত ১১ থেকে ১২ হাজার টাকার মধ্যে।”

স্থানীয়দের মতে, নদীতে বড় ইলিশের সংখ্যা কমে যাওয়ায় এমন আকারের মাছ এখন একপ্রকার বিরল হয়ে উঠেছে। তাই মাছটি দেখতে ভিড় জমায় অনেকে।

মতামত দিন