বান্দরবানের থানচিতে ভয়াবহ আগুন পুড়ে ছাই ১১ দোকান।
স্থানীয় সূত্র জানায়, রাত দেড়টার দিকে বাজারের দক্ষিণ-পশ্চিম কোণের অনিল দাশের খাবারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও ফায়ার সার্ভিস পৌঁছাতে বিলম্ব হয়, কারণ থানচি ফায়ার স্টেশন বাজার থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত।
রাত সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এর আগেই বাজারের অন্তত ১১টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
স্থানীয় বাসিন্দা মংলুং মারমা বলেন, “রাতে বাইরে বের হয়ে দেখি আগুন আকাশ ছুঁই ছুঁই করছে। আমরা সবাই মিলে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করি, কিন্তু আগুন এত দ্রুত ছড়ায় যে কিছুই রক্ষা করা যায়নি।”
ব্যবসায়ী হ্লায়ইংচিং মারমা জানান, “গত বছরও আগুনে দোকান হারিয়েছিলাম, এবার আবার সব শেষ হয়ে গেল। পুনরায় ঘুরে দাঁড়ানো আমাদের পক্ষে কঠিন হবে।”
বলিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার উদ্যোগ নেওয়া হবে।
থানচি ফায়ার স্টেশনের লিডার পিয়ার মোহাম্মদ বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই এবং দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি।”
এর আগে ২০২৩ সালের মে মাসেও একই বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৫০টি দোকান ও কয়েকটি বসতঘর পুড়ে গিয়েছিল। দেড় বছরের ব্যবধানে আবারও এমন অগ্নিকাণ্ডে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


মতামত দিন