বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭ হাজার ৯১৭ জন।
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে মোট ৭ হাজার ৯১৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
শনিবার (২৫ অক্টোবর) প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বার কাউন্সিলের সচিব ও জেলা ও দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত ফলাফল একই দিনে অনলাইনে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে বার কাউন্সিলের ওয়েবসাইটে জানানো হবে।
বার কাউন্সিলের নিয়ম অনুযায়ী, আইনজীবী হিসেবে সনদ পেতে প্রার্থীদের তিন ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়—প্রথমে এমসিকিউ, এরপর লিখিত ও সর্বশেষ মৌখিক পরীক্ষা। এমসিকিউ ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষায় সফল প্রার্থীরাই আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেন।
আইনের স্নাতক ডিগ্রিধারীরা অন্তত ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন কোনো সিনিয়র আইনজীবীর অধীনে ইন্টিমেশন জমা দেওয়ার পর নির্ধারিত প্রক্রিয়ায় পরীক্ষায় অংশ নিতে পারেন। সব ধাপ সম্পন্ন হলে তারা সংশ্লিষ্ট জেলা বারে যোগদানের মাধ্যমে আইন পেশায় যুক্ত হন।
ফলাফল দেখতে আগ্রহীরা বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন।

মতামত দিন