ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে গত ২৪ ঘণ্টায় ৬৫৯ জন হাসপাতালে ভর্তি।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি, তবে ৬৫৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, ঢাকার সিটি করপোরেশনে ১৮১ জন এবং বাকি ৪৭৮ জন ঢাকা শহরের বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ৬৪ হাজার ২৯৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬১ হাজার ৩৯৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৯ জনে।
বিশেষজ্ঞ অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, বর্তমানে ডেঙ্গু সব সময়ই দেখা যাচ্ছে, বিশেষ করে বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সংক্রমণ বেড়ে যায়। তিনি আরও বলেন, মশা নিধন ও জনসচেতনতা বৃদ্ধি ছাড়া এ রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেতনতা বৃদ্ধি যথেষ্ট নয়। যথাযথ জরিপ এবং দক্ষ জনবল দিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।
উল্লেখ্য, ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ এবং মৃত্যু হয়েছে ১ হাজার ৭০৫ জনের।
মতামত দিন