জাতীয়
ছবি: সংগৃহীত

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মর্যাদা দেওয়ার ঘোষণা স্থগিত।

নিজেস্ব প্রতিবেদক:

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণার সিদ্ধান্ত স্থগিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগের প্রজ্ঞাপন বাতিল করে নতুন নির্দেশনা জারি হতে পারে আগামী রোববার (২৬ অক্টোবর)।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা মৌখিকভাবে প্রজ্ঞাপন স্থগিতের নির্দেশ দেন। এর পরদিন কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক উড্ডয়ন কমিটির একাধিক সদস্য বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তবে আকস্মিকভাবে সিদ্ধান্ত বদলের কারণ সম্পর্কে তারা বিস্তারিত কিছু জানাতে পারেননি।

এর আগে গত ১২ অক্টোবর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিমানবন্দরটিকে আন্তর্জাতিক ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল।

২০২১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরটির রানওয়ে সম্প্রসারণ প্রকল্প উদ্বোধন করেন। এরপর ৬ হাজার ৭৭৫ ফুট দৈর্ঘ্যের রানওয়েটি সম্প্রসারিত হয়ে দাঁড়ায় ৯ হাজার ফুটে। তবে প্রায় ১১ হাজার বর্গফুটের নতুন টার্মিনাল ভবনের নির্মাণকাজ এখনো সম্পূর্ণ হয়নি।

এদিকে, আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার পরও কোনো দেশি বা বিদেশি এয়ারলাইন এখন পর্যন্ত কক্সবাজার থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালুর আগ্রহ দেখায়নি।

বেসামরিক বিমান চলাচল সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রাম ও সিলেট থেকে মধ্যপ্রাচ্য ও ইউরোপমুখী ফ্লাইট চলমান থাকলেও কক্সবাজার রুটকে এখনো বাণিজ্যিকভাবে লাভজনক মনে করছে না কোনো এয়ারলাইন। ফলে কাগজে-কলমে আন্তর্জাতিক ঘোষণার পরও বাস্তবে উড্ডয়ন কার্যক্রম শুরু হয়নি।

মতামত দিন