জাতীয়
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে পর্যটকবাহী বাস খাদে উল্টে মা-মেয়ে নিহত।

নিজেস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে যাওয়ার পথে একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে গেলে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ১৫ যাত্রী আহত হয়েছেন।

ঘটনাটি শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার সংলগ্ন শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামে ঘটে। নিহতরা হলেন চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামের মনজুরা আক্তার (৩৭) এবং তার মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। মনজুরা আক্তারের স্বামী আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের কর্মকর্তা। সপরিবারে তারা ঢাকা থেকে হাওরে ঘুরতে আসছিলেন।

প্রত্যক্ষদর্শী ও জয়কলস হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ১১ উচ্চপদস্থ কর্মকর্তা ও তাদের পরিবারের ৪১ জন সদস্য সেঁজুতি ট্রাভেলসের একটি বাসে করে সুনামগঞ্জে আসছিলেন। ভোরে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার সংলগ্ন এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাম পাশের খাদে উল্টে যায়।

ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। বাসের চাপায় মা-মেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। অপর ১৫ জন যাত্রী আহত হন এবং তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী বলেন, ফায়ার সার্ভিসের সহায়তায় খাদে উল্টে পড়া বাসের নিচ থেকে দুইজনের মরদেহ ও আহতদের উদ্ধার করা হয়েছে। শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মন্তোষ মল্লিকও একই তথ্য নিশ্চিত করেছেন।

বাসটির চালক দুর্ঘটনার পর পালিয়ে গেছে এবং পুলিশ তাকে খুঁজছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মতামত দিন