জাতীয়
ছবি: সংগৃহীত

তিন মাস পর পানির নিচ থেকে ভেসে উঠল রাঙামাটির ঝুলন্ত সেতু।

নিজেস্ব প্রতিবেদক:

প্রায় তিন মাস পানির নিচে থাকার পর অবশেষে দৃশ্যমান হলো রাঙামাটির প্রতীকখ্যাত পর্যটন ঝুলন্ত সেতু। কাপ্তাই হ্রদের পানি কিছুটা কমে যাওয়ায় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে সেতুর পাটাতন পুরোপুরি পানির ওপরে উঠে আসে।

সরেজমিনে দেখা গেছে, সেতুর নিচে এখনো হ্রদের পানি স্পর্শ করছে পাটাতনের তলা, তবে উপরের অংশ সম্পূর্ণ উন্মুক্ত। ইতোমধ্যে শুরু হয়েছে সেতু সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। সংস্কার শেষে রং করা হবে সেতুর বিভিন্ন স্থানে।

বাংলাদেশ পর্যটন করপোরেশন সূত্রে জানা গেছে, এবার ঝুলন্ত সেতুতে প্রবেশের টিকিটের মূল্য বাড়ানোর চিন্তা চলছে। বর্তমানে ২০ টাকার টিকিট ৩০ টাকায় বিক্রির পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, “সেতুর ওপরের পানি পুরোপুরি নেমে গেছে, ফলে এখন পর্যটকদের চলাচলে কোনো বাধা নেই। সংস্কার ও রং করার কাজও শুরু হয়েছে।”

উল্লেখ্য, গত ৩০ জুলাই কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির এই ঐতিহাসিক ঝুলন্ত সেতুটি সম্পূর্ণ পানিতে তলিয়ে যায়। টানা প্রায় ২ মাস ২৫ দিন পানির নিচে থাকার পর বৃহস্পতিবার সকালে আবারও মাথা তুলে দাঁড়ায় রাঙামাটির এই প্রতীক।

মতামত দিন