জাতীয়
ছবি: সংগৃহীত

কোনো পলাতক ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না: আইন উপদেষ্টা।

নিজেস্ব প্রতিবেদক:

নতুন নির্বাচনী আইনে বড় পরিবর্তন এনেছে সরকার। পলাতক ব্যক্তিরা আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না— এমন বিধান রাখা হয়েছে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও)।

পাশাপাশি, কোনো আসনে একমাত্র প্রার্থী থাকলে ভোটাররা চাইলে “না ভোট” দিতে পারবেন। সেই ভোট বেশি হলে ঐ আসনে পুনরায় নির্বাচন আয়োজনের নিয়মও যুক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, শ্রম (সংশোধন) আইন ও গণপ্রতিনিধিত্ব আদেশ ২০২৫— এই দুটি আইন কেবিনেট অনুমোদন দিয়েছে।

আইন উপদেষ্টা আরও জানান, সংশোধিত আরপিও অনুযায়ী এখন থেকে নির্বাচন কমিশন (ইসি) কোনো নির্বাচনী এলাকায় দুর্নীতি বা অনিয়মের প্রমাণ পেলে নিজ উদ্যোগে সেই ভোট বাতিল করতে পারবে।

একই সঙ্গে তিনি জানান, কেবিনেট বৈঠকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে স্বতন্ত্র জাদুঘর হিসেবে ঘোষণা করার প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। খুব শিগগির এ বিষয়ে আইন পাসের উদ্যোগ নেওয়া হবে।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বাংলাদেশের নতুন মিশন স্থাপন নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া, লিজকৃত জমির মালিকদের অযথা হয়রানি রোধে রাজউকের অনুমতি সংক্রান্ত বিধি পরিবর্তনের প্রস্তাবও কেবিনেটের আলোচনায় উঠে আসে, যাতে ভবিষ্যতে একই কাজে বারবার অনুমতির প্রয়োজন না হয়।

মতামত দিন