গভীর রাতে বরফ কলের পাইপ ফেটে বিপজ্জনক অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ে অসুস্থ ২০ জন।
কলাপাড়ার মহিপুরে বুধবার গভীর রাতে ‘গাজী আইস প্ল্যান্টে’ বরফ কলের পাইপ ফেটে বিপজ্জনক অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ে। এতে শ্রমিকসহ আশেপাশের কমপক্ষে ২০ জন অসুস্থ হয়ে পড়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, রাত প্রায় ২টার দিকে পাইপ ফেটে গেলে মুহূর্তের মধ্যেই চারপাশে ঘন ধোঁয়া এবং তীব্র গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে। গ্যাসের কারণে শ্রমিকরা শ্বাসকষ্ট, চোখে জ্বালা, মাথা ঘোরা এবং বমিভাবের সমস্যায় ভুগতে শুরু করেন। পাশের জেলেরা ও এ সংলগ্ন এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর পাঁচজনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়।
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল হোসেন বলেন, “অ্যামোনিয়া অত্যন্ত বিপজ্জনক। শ্বাসকষ্ট, চোখে জ্বালা এবং ত্বকে ক্ষতি করতে পারে। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারত।”
দুর্ঘটনার পর বরফ কলটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কল পুনরায় চালু করা যাবে না।
মতামত দিন