পীরগঞ্জে অ্যানথ্রাক্স উপসর্গে ৯ জন শনাক্ত।
রংপুরের পীরগঞ্জ উপজেলায় অ্যানথ্রাক্স উপসর্গসহ নয়জন রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন রোগীর উপস্থিতির পর রামনাথপুর ইউনিয়নের দ্বারিয়াপুর গ্রামে মেডিকেল টিম আরও চারজনকে শনাক্ত করে।
রোগীদের মধ্যে রয়েছেন আশুরা বেওয়া (৬৫), রবিউল ইসলাম (৫৫), শহীদ মিয়া (২৩), শরিফ মিয়া (২২), খাসা মিয়া (৫২), শিল্পী খাতুন (২৮), আল মামুন মিয়া (১৬), খোরশেদ আলী (২৫) এবং রওহাবুল মিয়া (৩২)।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গত ১১ অক্টোবর আশুরা বেওয়া তার অসুস্থ গরু জবাই করেন এবং মাংস বিতরণ করেন। ১৪ অক্টোবর থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে উপসর্গ দেখা দিতে শুরু করে।
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদ রানা জানান, অ্যানথ্রাক্স সাধারণ মানুষের মধ্যে সহজে সংক্রামিত হয় না। তবে সংক্রমিত প্রাণী বা তার মাংসের সংস্পর্শে এ রোগ ছড়াতে পারে। রোগীদের নমুনা ল্যাবে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

মতামত দিন