ভৈরবে ট্রাক ধাক্কায় পুলিশ সদস্য নিহত, দুইজন আহত।
কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য নাজমুল হক ভৈরব হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। তিনি পাকুন্দিয়া উপজেলার চর মান্দারকান্দি গ্রামের রাজু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৩টার দিকে ডাকাতি প্রতিরোধের জন্য টহল দিচ্ছিলেন নাজমুল হক ও তার সহকর্মীরা। সড়কের পাশে গাড়ি দাঁড় করিয়ে তারা ট্রাকচালকের সঙ্গে কথা বলছিলেন। এ সময় ময়মনসিংহ থেকে ভৈরবগামী একটি ট্রাক পুলিশের গাড়িতে পেছন থেকে ধাক্কা দিলে গাড়িটি উল্টে যায়।
দুর্ঘটনায় কনস্টেবল নাজমুল হক, এএসআই বিল্লাল মিয়া ও আরেকজন আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক নাজমুল হককে মৃত ঘোষণা করেন।
ভৈরব হাইওয়ে থানার ওসি সাহাবুর রহমান জানান, দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় নাজমুল হক গুরুতর আহত হন এবং মৃত্যুবরণ করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মতামত দিন