জাতীয়
ছবি: সংগৃহীত

‘বর্তমান সরকার নিরপেক্ষভাবেই দায়িত্ব পালন করছে’: আসিফ নজরুল।

নিজেস্ব প্রতিবেদক:

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, বর্তমান সরকার সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকেই দায়িত্ব পালন করছে।

বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, বিএনপি মূলত তত্ত্বাবধায়ক সরকার নয়, বরং একটি নিরপেক্ষ অন্তর্বর্তী প্রশাসন চেয়েছিল।

সেই প্রত্যাশা অনুযায়ীই বর্তমান সরকার নিরপেক্ষ ভূমিকা রাখছে বলে দাবি করেন তিনি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ড. আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর মতভেদ দূর না হলে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। তবে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া গতি পেলে সেই সংশয় কেটে যেতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও জানান, নির্বাচনের প্রস্তুতি পর্যায়ে জনপ্রশাসনের প্রতিটি কার্যক্রম এখন থেকে প্রধান উপদেষ্টা সরাসরি নজরদারি করবেন।

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে উপস্থিতির বিষয়ে আইন উপদেষ্টা বলেন, সেনাপ্রধানসহ সংশ্লিষ্ট মহলের সহযোগিতা প্রশংসনীয়। তবে তাদের সাবজেলে রাখার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারে, তাই এ নিয়ে মন্তব্য করা সমীচীন নয়।

অন্যদিকে মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকারকেই এখন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিতে হবে। নির্বাচনের আগে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে জনগণকে আশ্বস্ত করা জরুরি বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি সরকারের মধ্যে যদি দলীয় ব্যক্তি থেকে থাকেন, তবে তাদের অপসারণের দাবিও জানায় বিএনপি।

মতামত দিন