ড্রাইভিং লাইসেন্সে বড় পরিবর্তন,নিতে হবে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ:পরিবহন উপদেষ্টা।
ড্রাইভিং লাইসেন্স পদ্ধতিতে বড় ধরনের রদবদলের ইঙ্গিত দিয়েছেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বুধবার (২২ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের আয়োজিত জাতীয় সড়ক দিবস–২০২৫ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ফাওজুল কবির জানান, লাইসেন্স প্রদানের পুরনো কাঠামো পুরোপুরি বদলে দেওয়া হবে। এ প্রক্রিয়ার মূল লক্ষ্য হবে প্রশিক্ষণনির্ভর লাইসেন্স প্রদান, যেখানে আর কোনো আনুষঙ্গিক কমিটি থাকবে না। নতুন নিয়মে ড্রাইভিং লাইসেন্স পেতে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ সম্পন্ন করা বাধ্যতামূলক করা হবে।
তিনি বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত চালক ছাড়া সড়ক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তাই প্রতিটি চালককে সঠিক প্রশিক্ষণের আওতায় আনতে হবে। প্রশিক্ষণ চলাকালীন সময়ে শিক্ষার্থীদের ভাতা দেওয়ার ব্যবস্থাও থাকবে। বিআরটিএকে কেবল নিয়ন্ত্রণমূলক সংস্থা হিসেবে না রেখে এটিকে জনসেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে বলেও জানান তিনি।
উপদেষ্টা আরও বলেন, প্রশিক্ষণ দুই ধাপে সম্পন্ন হবে—একদিকে সড়কের সাইন ও বিধি-বিধান বুঝতে হবে, অন্যদিকে গাড়ি নিয়ন্ত্রণের বাস্তব দক্ষতা অর্জন করতে হবে। একই সঙ্গে ডোপ টেস্ট ও শারীরিক সক্ষমতা যাচাই বাধ্যতামূলক করা হবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী মাসের মধ্যেই এই নতুন প্রশিক্ষণব্যবস্থা চালু করা সম্ভব হবে।
ফাওজুল কবির আরও জানান, সড়কে দুর্ঘটনার অন্যতম কারণ ফিটনেসবিহীন যানবাহন। এসব গাড়ি নিয়মিতভাবে ডাম্পিংয়ে পাঠানো হচ্ছে এবং তা আরও জোরদার করা হবে। মোটরসাইকেল দুর্ঘটনা রোধে মানসম্মত হেলমেট ব্যবহারে উৎসাহ দিতে ১০ হাজার হেলমেট বিতরণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখশ চৌধুরী, সেতু সচিব মো. আবদুর রউফ, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ এবং ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।

মতামত দিন