বাংলাদেশের প্রথম ‘কার্বন-নিউট্রাল শিশু’ আয়ান খান রুহাব।
রোববার (১৯ অক্টোবর) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (আইসিসিসিডি) ও পরিবেশ সংগঠন ঢাকা প্ল্যান্টারস যৌথভাবে রুহাবকে এ স্বীকৃতি প্রদান করে।
রুহাবের বাবা ইমরান রাব্বি পরিবেশবাদী সংগঠন ‘গ্রীনম্যান’-এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং মা আয়শা আক্তার পরিবেশভিত্তিক উদ্যোগ ‘কিরণ’-এর সমন্বয়ক। সন্তান জন্মের পর থেকেই তারা সিদ্ধান্ত নেন—রুহাবের জীবনের প্রতিটি কার্বন নিঃসরণ অফসেট করবেন গাছ রোপণের মাধ্যমে।
সে অনুযায়ী তারা আম, জাম, আমড়া, কাঁঠাল, সুপারি ও নিমসহ মোট ৫৮০টি গাছ লাগিয়েছেন। তাদের এই উদ্যোগকেই আইসিসিসিডি’র গ্রান্টজয়ী প্রকল্প ‘ঢাকা প্ল্যান্টারস’ আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে।
ইমরান রাব্বি বলেন, “রুহাব যেন বিশুদ্ধ বাতাসে বড় হতে পারে, সেই ভাবনা থেকেই গাছ লাগানো শুরু করি। এটা আমাদের সন্তানের ভবিষ্যৎ এবং পৃথিবীর প্রতি ক্ষুদ্র দায়বদ্ধতার প্রকাশ।”
আয়শা আক্তারের মতে, “একটি শিশুর জন্ম কেবল পরিবারের আনন্দ নয়, প্রকৃতিরও নবজাগরণ হতে পারে। যদি প্রতিটি অভিভাবক নতুন সন্তানের আগমনে গাছ রোপণ করেন, তবে তাতে পুরো সমাজ উপকৃত হবে।”
২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি জন্ম নেয় আয়ান রুহাব। গত সেপ্টেম্বর মাসে তার নামে লাগানো হয় শত শত ফলজ ও বনজ গাছ। বাবা-মায়ের বিশ্বাস, এই গাছগুলোই রুহাবের ভবিষ্যৎ জীবনের নিঃসৃত কার্বন শোষণ করবে, আর সে হবে প্রকৃতির প্রকৃত বন্ধু।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের বাস্তবতায় রুহাবের এই স্বীকৃতি এক নতুন দৃষ্টান্ত, যা পরবর্তী প্রজন্মকে পরিবেশের প্রতি আরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করছে।


মতামত দিন