ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কুমিল্লার প্রবাসী কামরুলের।
ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শেখ মো. কামরুল (৩৬) নামে এক প্রবাসী যুবক। বুধবার (১৫ অক্টোবর) সকালে বাসা থেকে মার্কেটে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুল উপজেলার মাধবপুর গ্রামের শেখ বাড়ির মৃত কামাল হোসেনের ছেলে। তিনি দীর্ঘ ২৫ বছর ধরে ওমানের সিলাল মার্কেটে ব্যবসা করছিলেন।
পরিবার ও স্বজনরা জানান, সম্প্রতি কোরবানির ঈদ শেষে চার মাসের ছুটি কাটিয়ে তিনি আরও চার আত্মীয়ের সঙ্গে গত ১০ অক্টোবর ওমানে ফিরে যান। দেশে ফিরে মাত্র ছয় দিনের মাথায় ঘটে এই দুর্ঘটনা।
জানা গেছে, বুধবার সকালে নিজ বাসা থেকে সিলাল মার্কেটের উদ্দেশে রওনা দেন কামরুল। পথে এক তানজানিয়ান চালক তাকে বাসে করে মার্কেটে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলে তিনি তাতে ওঠেন। তবে নতুন সিলাল মার্কেটের গেটের সামনে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে রাস্তার পাশে থাকা একটি মাটি কাটার গাড়ি (জেসিবি)-তে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই কামরুলের মৃত্যু হয়। বাসের সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়।
বর্তমানে তার মরদেহ ওমানের রুস্তাক হাসপাতালের হিমঘরে রাখা আছে। পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী বুধবার (২২ অক্টোবর) রাতে তার লাশ দেশে আনা হবে এবং পরদিন (২৩ অক্টোবর) বাদ জোহর নিজ এলাকায় জানাজা শেষে দাফন করা হবে।
মৃত্যুকালে কামরুল দুই শিশু পুত্র রেখে গেছেন—একজনের বয়স ৪ বছর, অপরজনের মাত্র ৫ মাস। বাবা-মা কেউই জীবিত নেই। মাত্র ১২ বছর বয়সে জীবিকার সন্ধানে তিনি প্রবাসে পাড়ি জমিয়েছিলেন।
তার এই অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন এবং ওমানে থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মতামত দিন