টঙ্গীতে দেওয়াল নিচে চাপা পড়ে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু।
গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকায় দেওয়াল চাপায় আরাফাত (৮) নামের এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যার আগ মুহূর্তে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরাফাত স্থানীয় জামেয়া কোরআনিয়া আউচপাড়া মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল। সে মৃত সানোয়ার হোসেন ও রিফা বেগম দম্পতির একমাত্র ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে পারভেজ নামের এক ব্যক্তির বাড়ির পাশে খেলছিল আরাফাত। হঠাৎ ওই বাড়ির বাউন্ডারি দেওয়ালের একটি অংশ ভেঙে তার ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।
খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল শেষে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল হাসান জামিল বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। প্রাথমিকভাবে তদন্ত শুরু হয়েছে। বাড়ির মালিক পারভেজের অবহেলা থাকলে তাকে আইনের মুখোমুখি করা হবে। কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না।’

মতামত দিন