জাতীয়
ছবি: সংগৃহীত

লোহাগাড়ায় নির্মাণাধীন ভবনের ছাদ ধসে এক দিনমজুরের মৃত্যু।

নিজেস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের লোহাগাড়া সদরের ৩ নম্বর ওয়ার্ডে নির্মাণাধীন পাঁচতলা ভবনের চতুর্থ তলার ব্যালকনি ভেঙে পড়ায় এক দিনমজুরের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে রশিদার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মোহাম্মদ হেলাল উদ্দীন (৩৪), তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নিলা ইউনিয়নের পূর্ব পান হালি ৪ নম্বর ওয়ার্ডের হোসেন সিকদার পাড়ার বাসিন্দা।

হেলালের পরিবারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি তিন ভাই ও এক বোনের মধ্যে বড়। নিহতের ফুপাতো ভাই খলিল আহমদ জানান, হেলাল দীর্ঘ ছয় বছর ধরে লোহাগাড়ায় রাজমিস্ত্রির কাজ করছিলেন। মঙ্গলবার সকালে অন্য দিনের মতোই কাজে যোগ দিয়েছিলেন। এক সহকর্মী জানান,ভবনের ছাদ ধসে হেলাল মারা গেছেন।

স্থানীয়রা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং অন্যান্য শ্রমিকরা ঘটনাস্থলে পৌঁছে হেলালকে উদ্ধার করেন। লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজাদুল ইসলাম জানান, ছাদের সেন্টারিং খুলতে গিয়ে কার্নিশ ধসে এই মৃত্যু ঘটেছে। লাশ থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি আরিফুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মতামত দিন