জাতীয়
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন, তিনটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই।

নিজেস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পাটধা গাবতলী গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ছড়ানো আগুনে তিনটি পরিবারের ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

সোমবার (২০ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, রাত ৯টা ১৮ মিনিটে বিল্লাল মিয়ার বাড়িতে বৈদ্যুতিক স্পার্কের কারণে আগুন লাগে। অল্প সময়ের মধ্যে আগুন পাশের শরিফুল, মঞ্জু মিয়া ও হাবিবুর রহমানের ঘরেও ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়,শস্য এবং গবাদিপশু দগ্ধ হয়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তীব্রতার কারণে কিছুই রক্ষা করা যায়নি।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টার পর রাত ১০টা ৪২ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়।

অগ্নিকাণ্ডে তিনটি ঘর ধ্বংস হয়েছে এবং ৮টি ছাগল দগ্ধ হয়ে মারা গেছে। তবে কোনো মানুষ আহত হয়নি, পরিবারের সদস্যরা অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ খালিদ জানান, প্রাথমিকভাবে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লেগেছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, দ্রুত পদক্ষেপ নেওয়ায় আরও ১০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।

ঘরগুলো টিনশেড ও কাঠের তৈরি ছিল এবং বৈদ্যুতিক তারের সংযোগ ঝুঁকিপূর্ণ ছিল। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলেন, আগুনের তীব্রতায় কিছুই উদ্ধার করা যায়নি; চোখের সামনে ঘর, জিনিসপত্র এবং গবাদিপশু সবই পুড়ে ছাই হয়ে গেছে।

মতামত দিন