যশোরে খেজুর রস সংগ্রহের প্রস্তুতি, গাছিরা ব্যস্ত মৌসুমের কাজ নিয়ে।
শীতের আগমনী হাওয়া অনুভূত হচ্ছে যশোরে। এই ঠান্ডা বাতাসের সঙ্গে শুরু হয়েছে খেজুর রস সংগ্রহের প্রস্তুতি।
গাছিরা প্রতিটি খেজুরগাছ রস উত্তোলনের জন্য প্রস্তুত করছেন। গাছিরা জানান, মৌসুম শুরু হতেই গাছ প্রস্তুত করা শুরু হয়েছে। চলতি মাসেই খেজুর রস সংগ্রহ এবং গুড়-পাটালি তৈরির কাজ শুরু হবে।
তবে খরচ বেড়ে যাওয়ায় গাছিরা কষ্ট পাচ্ছেন।এক গাছি জানায়, “গুড় বানাতে কাঠ কিনতে হয়। সবকিছুর দাম বেড়ে যাওয়ায় পরিবার চালানো কঠিন হয়ে গেছে।”
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, যশোরে মোট ১৬ লাখ ৪০ হাজার খেজুর গাছ রয়েছে, যার মধ্যে ৩ লাখ ৪৯ হাজার গাছ থেকে নিয়মিত রস সংগ্রহ করা হয়। চৌগাছা উপজেলা কৃষি অফিসার মুশাব্বির হোসাইন জানান, দেশের অধিকাংশ অঞ্চলে খেজুরগাছ বিলুপ্তপ্রায় হলেও গাছিদের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ, উঠান বৈঠক ও সমাবেশ আয়োজন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমিন জাহান বলেন, “উপজেলার বিভিন্ন সড়কের পাশে খেজুরগাছের চারা রোপণ করা হয়েছে। রস ও গুড়ের মান ঠিক রাখতে গাছিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যারা এই পেশা ধরে রেখেছেন, তাদের অনুদান দেয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।”
যশোর সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা শামীমুর রহমান জানান, সরকারি প্রকল্পের আওতায় গাছিদের মাঝে হাঁড়ি-ছুরি বিতরণ করা হয়েছে, যাতে তারা নিরাপদ ও মানসম্মতভাবে রস সংগ্রহ করতে পারেন।
মতামত দিন