চাঁদপুরে হোটেল সিলিন্ডার বিস্ফোরণে ১০ দোকান পুড়ে ছাই।
চাঁদপুরের বাগাদী চৌরাস্তা এলাকায় সোমবার সকালে একটি হোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, খোকনের হোটেলে হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যে পাশের কম্পিউটার দোকান, ফার্মেসি, হোটেল এবং মুদি দোকানগুলো জ্বলে যায়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ও স্থানীয়রা এক ঘণ্টার তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। চাঁদপুর উত্তর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, “দোকানগুলো টিনশেড হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, তবে এক ঘণ্টার মধ্যে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।”
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানাচ্ছেন, আগুনে তাদের সব মালামাল নষ্ট হয়ে গেছে এবং প্রাথমিকভাবে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মতামত দিন