দেশে অগ্নিকাণ্ডের পর শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসে জরুরি সতর্কতা জারি।
সাম্প্রতিক কয়েকটি ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রেক্ষাপটে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও মাঠপর্যায়ের শিক্ষা অফিসে সতর্কতা জারি করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) রোববার এ নির্দেশনা দিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অফিস বা ক্লাস রুম ত্যাগের আগে সকল বৈদ্যুতিক যন্ত্র যেমন লাইট, ফ্যান, কম্পিউটার বন্ধ এবং এসির প্লাগ খুলে রাখবেন। এটি যেন আগুনের ঝুঁকি কমায়, সেদিকে বিশেষভাবে নজর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
মাউশি জানিয়েছে, নির্দেশনাটি দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ, জেলা ও উপজেলা শিক্ষা অফিস এবং আঞ্চলিক কার্যালয়গুলোতে পাঠানো হয়েছে।
গত কয়েকদিনে মিরপুরের রাসায়নিক গুদামে ১৬ জনের মৃত্যু, চট্টগ্রামের ইপিজেডে দীর্ঘ ১৭ ঘণ্টার অগ্নিকাণ্ড এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুনের ঘটনায় এই সতর্কতা নেওয়া হয়েছে।
শিক্ষক ও কর্মকর্তাদের প্রতি অনুরোধ করা হয়েছে, রুটিন কার্যক্রম চলাকালীন সময়ে নিরাপত্তা নিশ্চিত করতে এবং আগুন লাগার ঝুঁকি হ্রাসে সক্রিয় ভূমিকা রাখতে।
মতামত দিন