জাতীয়
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরে কার্গো অগ্নিকাণ্ড: ইএবি সভাপতির দাবি, দায় এড়ানো যাবে না।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় দায় এড়ানো যাবে না বলে মন্তব্য করেছেন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএবি) সভাপতি মোহাম্মদ হাতেম।

সোমবার (২০ অক্টোবর) সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই ঘটনায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি), কাস্টম হাউস এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনস—তিন পক্ষই দায়মুক্ত নয়।

কারণ, সিএএবি কার্গো ভিলেজের মালিক, কাস্টমস আমদানিকৃত পণ্যের তত্ত্বাবধায়ক এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনস হ্যান্ডলিং এজেন্ট।

মোহাম্মদ হাতেম আরও বলেন, কার্গো ভিলেজের নিরাপত্তা ব্যবস্থা এখনো কার্যকর নয় এবং ভবিষ্যতে এমন ঝুঁকি এড়াতে আধুনিকায়ন অপরিহার্য। তিনি ক্ষতিগ্রস্ত পণ্যের বিমা দাবির দ্রুত নিষ্পত্তি, বিমা না থাকা পণ্যের জন্য সরকারি তহবিল, শীতাতপ নিয়ন্ত্রিত গুদাম, রাসায়নিক গুদামের নিরাপদ স্থান, এবং অটোমেটেড প্রযুক্তিনির্ভর গুদাম ব্যবস্থাপনার আহ্বান জানান।

এর আগে শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে কার্গো ভিলেজে ধোঁয়া দেখা দেয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বিমানবন্দর কর্তৃপক্ষ ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেন। নির্ধারিত উড্ডয়ন স্থগিত রাখা হয় এবং অবতরণ ফ্লাইটগুলো চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে পুনঃনির্দেশ করা হয়। রাত ৯টার দিকে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়।

ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশন থেকে ৩৭টি ইউনিট, বিমানবাহিনীর অগ্নিনির্বাপক দল এবং বেবিচকের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীও উদ্ধার কার্যক্রমে অংশ নেন। রাত ৯টা ১৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

মতামত দিন