বাড়ি ভাতা নিয়ে সরকারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান, সোমবার থেকে শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা।
বেতন কাঠামোর ওপর ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবিতে সোমবার (২০ অক্টোবর) থেকে আমরণ অনশনে বসছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকেরা।
রোববার (১৯ অক্টোবর) বিকেলে হাইকোর্ট মাজার মোড়ে আয়োজিত সমাবেশে শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব দেলাওয়ার হোসাইন আজিজী এ কর্মসূচি ঘোষণা করেন।
এদিকে, সরকার সীমিত বাজেটের মধ্যে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) করার সিদ্ধান্ত নিয়েছে। রোববার অর্থ মন্ত্রণালয়ের জারি করা আদেশে বলা হয়, নতুন ভাতা নভেম্বর মাস থেকে কার্যকর হবে।
তবে আন্দোলনরত শিক্ষকরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এবং সরকারের সিদ্ধান্তকে ‘অপর্যাপ্ত’ আখ্যা দিয়ে ক্লাসে না ফেরা ও আমরণ অনশনসহ পূর্বঘোষিত সব কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
এদিকে শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল (সিআর) আবরার সাংবাদিকদের বলেন, “বর্তমান সীমাবদ্ধতার মধ্যেও সরকার সর্বোচ্চটা করেছে। এখন শিক্ষকদের উচিত শ্রেণিকক্ষে ফিরে যাওয়া।”
তবে আন্দোলনরত শিক্ষকদের দাবি, সরকারের ঘোষিত ৫ শতাংশ নয়, মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা না পাওয়া পর্যন্ত তাদের অনশন চলবে।
মতামত দিন