বিমানবন্দরের আগুনে ৬ দিন আগে রাশিয়া থেকে আসা রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ১৮ টন সরঞ্জাম পুড়ে ছাই।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রায় ১৮ টন সরঞ্জাম পুড়ে গেছে। গত ছয় দিন আগে রাশিয়া থেকে এসব মালামাল দেশে আসে এবং রোববার (১৯ অক্টোবর) খালাসের কথা ছিল।
মমতা ট্রেডিং কোম্পানির লোক জানান, রূপপুর প্রকল্প ছাড়াও স্কয়ার ফার্মা, ওয়ালটনসহ একাধিক প্রতিষ্ঠানের আমদানি পণ্যও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার বন্ড বহির্ভূত পণ্য খালাস বন্ধ থাকে। তবে কুরিয়ার ডকুমেন্টস শনিবার অর্ধদিবস এবং অন্যান্য দিন পূর্ণদিবস খালাস করা হয়। পুরো খালাস কার্যক্রমের দায়িত্বে থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, যা সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে।
অগ্নিকাণ্ডের প্রায় ২২ ঘণ্টা পর রোববার বিজিএমইএ ও বিকেএমইএ প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
এর আগে শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে কার্গো সেকশনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট, বিমানবাহিনী, নৌবাহিনী ও সিভিল অ্যাভিয়েশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় সাত ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুন নেভানোর সময় আনসারের ১৭ জন সদস্য এবং ফায়ার সার্ভিসের দুই কর্মী আহত হন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানান, অতিরিক্ত বাতাস এবং ভেতরে খোপ খোপ গুদামঘর থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। তিনি বলেন, “তদন্ত শেষে স্পষ্ট হবে, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে।”

মতামত দিন