জাতীয়
ছবি: সংগৃহীত

বাড়িভাড়া ভাতা বৃদ্ধির পর শিক্ষকরা ক্লাসে ফিরে যাবেন বলে আশা করছি: শিক্ষা উপদেষ্টা।

নিজেস্ব প্রতিবেদক:

বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) নির্ধারণের পর আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ক্লাসে ফিরে যাবেন বলে আশা প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

রোববার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় সবসময় শিক্ষকদের স্বার্থ রক্ষা করতে চেষ্টা করেছে এবং বাড়িভাড়া সংক্রান্ত যে অগ্রগতি, তা সেই ধারাবাহিকতার অংশ।

তিনি আশা প্রকাশ করেন, শিক্ষকরা দ্রুত শ্রেণিকক্ষে ফিরে এসে শিক্ষা কার্যক্রম শুরু করবেন।

ড. রফিকুল আবরার আরও বলেন, সরকারের বাজেট সীমাবদ্ধতার কারণে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা যথাযথ। শিক্ষকদের উচিত তা গ্রহণ করে ক্লাসে ফিরে যাওয়া, যাতে শিক্ষার্থীদের ক্ষতি না হয়।

এর আগে অর্থ মন্ত্রণালয় ঘোষণা করেছে, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা নভেম্বর মাস থেকে মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) কার্যকর হবে। তবে শিক্ষকরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

মতামত দিন