জাতীয়
ছবি: সংগৃহীত

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ।

নিজেস্ব প্রতিবেদক:

পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। তৃতীয় ইউনিটে উৎপাদন বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক।

তিনি জানান, গভর্নর ভালভ স্টিম সেন্সরের চারটি টারবাইন নষ্ট হওয়ায় তৃতীয় ইউনিট বন্ধ হয়ে গেছে। বর্তমানে ১ নম্বর ইউনিট থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে। বন্ধ ইউনিট থেকে প্রতিদিন ১৬০-১৬৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হতো।

তৃতীয় ইউনিট চালু রাখতে দৈনিক ১ হাজার ৬০০ টন কয়লা প্রয়োজন। বন্ধ হওয়ার কারণে পার্বতীপুরসহ উত্তরাঞ্চলের ৮ জেলায় লোডশেডিং শুরু হয়েছে। ২ নম্বর ইউনিট ২০২০ সালের নভেম্বর থেকে সংস্কারের কারণে বন্ধ, যা ১২৫ মেগাওয়াট ক্ষমতার হলেও ৬৫-৭০ মেগাওয়াট উৎপাদন করতে পারতো।

মোট ৩টি ইউনিট একসঙ্গে স্বাভাবিকভাবে চালাতে দৈনিক প্রায় ৫ হাজার ২০০ টন কয়লা লাগে। বর্তমানে কয়লা খনি থেকে ৩ হাজার টন কয়লা তাপবিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ হচ্ছে।

প্রধান প্রকৌশলী জানিয়েছেন, তৃতীয় ইউনিটের মেরামত কাজ চলমান এবং আশা করা হচ্ছে এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে ফিরবে। চায়নার সঙ্গে যোগাযোগও সম্পন্ন হয়েছে।

অন্যদিকে, পার্বতীপুর উপজেলার পল্লী বিদ্যুতের ৮০ হাজার গ্রাহক শনিবার (১৮ অক্টোবর) সকাল ৯টা  থেকে ২টা পর্যন্ত বিদ্যুৎ পাবেন না। বিদ্যুৎ চাহিদা ১৭ মেগাওয়াট হলেও সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৮-৯ মেগাওয়াট।

মতামত দিন