জাতীয়
ছবি: সংগৃহীত

ধামরাইয়ে খোলা সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকার ধামরাইয়ে খোলা সেপটিক ট্যাংকে পড়ে রাহিম ও ইয়াছিন নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের একজন ৫ বছর বয়সী রাহিম, অপরজন সাড়ে তিন বছর বয়সী ইয়াছিন।

তারা মামাতো-ফুপাতো ভাই।

শুক্রবার (১৭ অক্টোবর) রাতের দিকে পৌরশহরের ছোট চন্দ্রাইল মহল্লার একটি ভবনের পাশের সেপটিক ট্যাংক থেকে তাদের দেহ উদ্ধার করা হয়। নিহত শিশুদের পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, রাহিম মামার বাড়িতে বেড়াতে এসেছিল, আর ইয়াছিনের বাবা-মা একটি ভাড়া বাড়িতে বসবাস করেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে দুই শিশুরা একসঙ্গে খেলতে বের হয়। সন্ধ্যা নামার পরও তারা বাড়ি ফিরেনি, এরপর পরিবারের সদস্যরা আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। রাত প্রায় ১০টার দিকে পাশের বাড়ির খোলা সেপটিক ট্যাংক থেকে তাদের মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে অসাবধানতাবশত তারা ওই ট্যাংকে পড়ে যায়।

নিহত ইয়াছিনের মা জানান, ছেলে বিকেলে ভাত খেয়ে খেলতে গিয়েছিল এবং আর ঘরে ফিরেনি।রাহিমের মা বলেন, মামার বাড়িতে বেড়াতে এসে রাহিমকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

ঘটনার খবর পেয়ে রাতেই ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ।

মতামত দিন