আজ শনিবার নড়াইলে সাড়ে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
জাতীয় গ্রিডে উন্নয়ন কাজের কারণে আজ শনিবার (১৮ অক্টোবর) নড়াইল জেলায় টানা সাড়ে ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই বিরতি কার্যকর থাকবে বলে জানিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)।
শুক্রবার (১৭ অক্টোবর) রাতে ওজোপাডিকোর নড়াইল দপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আবু দারদা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার জারি করা এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, গ্রিডের উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে ওই সময় নড়াইলের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ওজোপাডিকো জানিয়েছে, নির্ধারিত কাজ শেষ হওয়ার পর বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করা হবে। অনিচ্ছাকৃত এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
মতামত দিন