প্রধান উপদেষ্টা ইউনূস ও ২৫ রাজনৈতিক দলের স্বাক্ষরে গৃহীত হয়েছে ‘জুলাই জাতীয় সনদ’।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নানা রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠান। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ৩৭ মিনিটে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধিরা সনদে স্বাক্ষর করেন।
জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ২৫টি রাজনৈতিক দল সনদে স্বাক্ষর করেছে। তবে বিএনপি, জামায়াতে ইসলামীর মতো বড় দলগুলো উপস্থিত থাকলেও কয়েকটি রাজনৈতিক দল অংশ নেয়নি। অনুপস্থিত দলগুলোর মধ্যে ছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং চারটি বাম দল—বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ।
স্বাক্ষরকারীদের মধ্যে বিএনপির পক্ষ থেকে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জামায়াতে ইসলামী থেকে সনদে স্বাক্ষর করেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানও সনদে স্বাক্ষর করেন।
এছাড়া এবি পার্টির চেয়ারম্যান মোহাম্মদ মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম ও মিডিয়া সমন্বয়ক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন, এবং জাতীয়তাবাদী সমমনা জোটের ড. ফরিদুজ্জামান ফরহাদসহ একাধিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
গণতান্ত্রিক, ইসলামী ও প্রগতিশীল বিভিন্ন ধারার নেতাদের উপস্থিতিতে আয়োজিত এই স্বাক্ষর অনুষ্ঠানে আরও ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, জাকের পার্টির ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলাম ভূঁইয়া, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদেরসহ আরও কয়েকটি দলের প্রতিনিধিরা।
অনুষ্ঠানস্থলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বিকেল ৪টার কিছু আগে পৌঁছান। পরবর্তীতে তিনি রাজনৈতিক দলের স্বাক্ষর গ্রহণের পর সনদটি সবার উদ্দেশে প্রদর্শন করেন।
অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জুলাই জাতীয় সনদ একটি ‘ঐতিহাসিক চুক্তি’ হিসেবে রাজনৈতিক ঐকমত্যের নতুন ভিত্তি স্থাপন করবে। তবে, অনুপস্থিত কয়েকটি দল দাবি করেছে—সনদটির কোনো আইনগত ভিত্তি না থাকায় তারা এতে অংশ নেয়নি।

মতামত দিন