জাতীয়
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে ২ জন নিহত, আহত অন্তত ১০।

নিজেস্ব প্রতিবেদক:

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।

শুক্রবার দুপুর সোয়া ১১টার দিকে ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দীঘিনালা উপজেলার ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ও অনিল চাকমা।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বাঘাইছড়ি থেকে চট্টগ্রামগামী শান্তি পরিবহনের বাসটি সাপমারা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশে উল্টে পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনকে মাটিরাঙ্গা উপজেলা ও খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ উদ্ধারকাজে অংশ নেয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, অন্তত ছয়জন সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী জানান, দুর্ঘটনাস্থল থেকে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং উল্টে যাওয়া বাসটি সরিয়ে নেওয়ার কাজ চলছে।

মতামত দিন