সংসদ এলাকায় জুলাই যোদ্ধা ও পুলিশের মধ্যে তীব্র সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুর।
জাতীয় সংসদ ভবন এলাকায় শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে সংঘর্ষে জড়ায় পুলিশ ও নিজেদের ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া একদল বিক্ষোভকারী।
দুপুর ১টা ২৬ মিনিটের দিকে গেট ভেঙে অনুষ্ঠানস্থলে ঢুকে পড়ে তারা।
সংসদ ভবনের আশপাশে তারা পুলিশের গাড়ি ভাঙচুর করে এবং এমপি হোস্টেলের সামনের কয়েকটি স্থাপনায় আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও এবিপিএনের সদস্যরা সাউন্ড গ্রেনেড ছুড়ে ও লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
সংসদ ভবন এলাকা থেকে ফার্মগেট ও ধানমন্ডি পর্যন্ত বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষকে ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা গেছে।
এক বিক্ষোভকারী বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম, কিন্তু পুলিশ বিনা কারণে আমাদের ওপর হামলা চালিয়েছে। সাউন্ড গ্রেনেড আর টিয়ারশেল ছুড়ে তারা আমাদের তাড়িয়ে দেয়।’
পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে বিক্ষোভকারীরা দাবি করেছেন, অন্তত ২৫ জন আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। তারা জানান, ছত্রভঙ্গ হলেও সবাইকে একত্র করে আবারও সংসদ ভবনের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

মতামত দিন