জাতীয়
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন নেভাতে যোগ দিয়েছেন সেনা ও নৌবাহিনীর সদস্যরাও।

নিজেস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে অবস্থিত ‘আদম ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’-এর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে ভবনের শীর্ষতলায় আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত নিচের দুই তলায় ছড়িয়ে পড়ে।

দুপুর ২টা ১০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরাও অভিযানে যোগ দেন।

ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. জসিম উদ্দিন জানান, ভবনের ৬ ও ৭ তলায় আটকে পড়া ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা ধোঁয়ার কারণে আটকা পড়েছিলেন, তবে এখন সবাই নিরাপদে আছেন।

প্রাথমিকভাবে জানা গেছে, কারখানাটিতে হাসপাতালে ব্যবহৃত তোয়ালে ও বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করা হতো। সেখানে প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং শিখার তীব্রতা বেড়ে যায়।

চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান বলেন, “ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনতে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”

মতামত দিন