যশোর শিক্ষা বোর্ডের এইচএসসি ফল: পাসের হার সর্বনিম্ন।
২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে যশোর শিক্ষা বোর্ডে পাসের হার বিপর্যয়ের শীর্ষে পৌঁছেছে। এবারের পরীক্ষায় মোট পাসের হার ৫০.২০ শতাংশ, যা ইতিহাসে সর্বনিম্ন।
যশোর বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন। এবারের পরীক্ষায় ১০ জেলার মোট ১,১২,৫৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন, যার মধ্যে পাস করেছেন ৫৬,৫০৯ জন।
বিভাগভিত্তিক পাসের হার দেখা গেলে—বিজ্ঞান বিভাগে ২১,১৮০ পরীক্ষার্থীর মধ্যে ১৫,৯৩১ জন, মানবিক বিভাগে ৭৮,৯৯৯ পরীক্ষার্থীর মধ্যে ৩৪,০০৩ জন এবং ব্যবসা শিক্ষা বিভাগে ১২,৩৯৫ পরীক্ষার্থীর মধ্যে ৬,৫৭৫ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন মোট ৫,৯৯৫ জন, যার মধ্যে বিজ্ঞান বিভাগে ৩,৩৮১, মানবিক বিভাগে ২,১৭৯ এবং ব্যবসা শিক্ষা বিভাগে ৪৩৫ জন রয়েছে।
ফলাফলে আরও দেখা যায়—জিপিএ-৪ থেকে ৫ এর নিচে পেয়েছে ১৯,০৩০ জন, জিপিএ-৩.৫ থেকে ৪ এর নিচে ১৪,০৩৬ জন, জিপিএ-৩ থেকে ৩.৫ এর নিচে ১১,১৫৪ জন, জিপিএ-২ থেকে ৩ এর নিচে ৬,১৫৮ জন এবং জিপিএ-১ থেকে ২ এর নিচে ১৩৬ জন।
জেলা পর্যায়ে পাসের হার অনুযায়ী শীর্ষে রয়েছে যশোর (৫৮.২৫%), খুলনা (৫৩.৯৮%), সাতক্ষীরা (৫২.৬৪%)। অন্যদিকে, মাগুরা ৩৭.৪৬ শতাংশ পাসের হারে সর্বনিম্ন অবস্থানে রয়েছে। বাকি জেলাগুলো—বাগেরহাট ৪১.৮৫%, কুষ্টিয়া ৪৮.৮৫%, চুয়াডাঙ্গা ৫০.৩৫%, মেহেরপুর ৪৮.৫১% ও নড়াইল ৪৬.৪৬%।

মতামত দিন