জাতীয়
ছবি: সংগৃহীত

সরকার শিক্ষকদের দাবির প্রতি সংবেদনশীলতা দেখাচ্ছে: শিক্ষা উপদেষ্টা।

নিজেস্ব প্রতিবেদক:

সরকার শিক্ষকদের দাবির প্রতি সংবেদনশীলতা দেখাচ্ছে এবং সামর্থ্য অনুযায়ী শতাংশভিত্তিক বাড়িভাড়া প্রদানের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এই মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাসচিব রেহেনা পারভীনসহ অন্যান্য কর্মকর্তারা।

ড. আবরার বলেন, “শিক্ষকরা আমাদের শিক্ষাব্যবস্থার প্রাণ। সরকার নতুন বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী আগামী বছর আরও সম্মানজনক একটি কাঠামোর দিকে এগোনোর সুযোগ তৈরি করতে চাচ্ছে। বর্তমানে শিক্ষক সংগঠনগুলো ২০ শতাংশ বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে সরব হয়েছে। তবে আর্থিক বাস্তবতা অনুযায়ী সরকার ৫ শতাংশ বৃদ্ধি এবং ন্যূনতম ২০০০ টাকার বিষয়টি আলোচনা করছে।”

তিনি আরও জানান, শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও প্রশিক্ষণ ব্যবস্থার আধুনিকীকরণও চলমান রয়েছে। “শুধু বেতন নয়, সম্মান ও সক্ষমতাও সমানভাবে গুরুত্বপূর্ণ। আমরা তিনটি নীতিতে এগোতে চাই—বাস্তবতা বুঝে পদক্ষেপ নেওয়া, সমাধান খোঁজা, এবং শিক্ষার মানকে সাফল্যের মাপকাঠি হিসেবে ধরা।”

শিক্ষা সচিব রেহেনা পারভীন বলেন, “আমরা শিক্ষক দলের দাবির প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি এবং বিষয়টি নিয়ে সর্বোচ্চ চেষ্টা করছি। যদিও অর্থ উপদেষ্টা বর্তমানে দেশের বাইরে, তবুও আমরা কাজ চালিয়ে যাচ্ছি। কিছুদিনের মধ্যে জাতীয় বেতন স্কেল প্রবর্তিত হলে এটি ইতিবাচক প্রভাব ফেলবে।”

মতামত দিন