চাকসু নির্বাচনে শিবিরের প্রভাব, রনি–সাঈদ জুটি ভিপি–জিএস পদে জয়ী।
৩৫ বছর পর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রভাব বিস্তার করেছে ছাত্রশিবির–সমর্থিত শিক্ষার্থী সংগঠন সম্প্রীতির জোট। ভিপি ও জিএস— দুই গুরুত্বপূর্ণ পদই জিতেছে এই জোটের প্রার্থী।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়। এতে ভিপি পদে ৭ হাজার ২২১ ভোট পেয়ে নির্বাচিত হন সম্প্রীতি জোটের ইব্রাহিম হোসেন রনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল–সমর্থিত সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৪ হাজার ৩৭৪ ভোট।
একই জোটের প্রার্থী সাঈদ বিন হাবিব ৭ হাজার ২৯৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের মো. শাফায়েত হোসেন পান ২ হাজার ৭২৪ ভোট।
তবে সহ–সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিপরীত ফল আসে— এই পদে ছাত্রদল–সমর্থিত প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক ৬ হাজার ৪৪১ ভোট পেয়ে বিজয়ী হন। শিবির–সমর্থিত প্রার্থী সাজ্জাত হোসেন মুন্না পান ৫ হাজার ৪৫ ভোট।
মোট ২৬টি পদে অনুষ্ঠিত এই নির্বাচনে ২৫টিতে জয় পেয়েছে সম্প্রীতির জোট। একমাত্র এজিএস পদে ছাত্রদলপন্থী প্রার্থী জয়ী হয়েছেন। পাশাপাশি সহ–খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী তামান্না মাহবুব।
১৯৯০ সালের পর এবারই প্রথম চাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।

মতামত দিন