জাতীয়
ছবি: সংগৃহীত

মিরপুরে আগুনের ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও বের হচ্ছে ধোঁয়া বাতাসে ছড়িয়ে পড়ছে বিষাক্ত গ্যাস।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকার কেমিক্যাল গোডাউনে লাগা আগুনের তিন দিন পার হলেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। ৭২ ঘণ্টা পরও গুদাম থেকে ধোঁয়া ও তীব্র গন্ধ বের হচ্ছে, যা আশপাশের বাতাসে ছড়িয়ে পড়ছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালেও ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীদের ধোঁয়া নিয়ন্ত্রণে কাজ করতে দেখা গেছে। ধোঁয়ার সঙ্গে বের হওয়া রাসায়নিক গ্যাসে শ্বাসকষ্ট ও ত্বকের জ্বালাপোড়ার মতো সমস্যা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ফায়ার সার্ভিস।

এদিকে বিপজ্জনক পরিস্থিতি সত্ত্বেও ঘটনাস্থলে ভিড় করছে স্থানীয় কৌতূহলী মানুষজন। তাদের নিরাপদ দূরত্বে রাখতে মাইকিং করে সতর্ক করছে উদ্ধারকর্মীরা। ফায়ার সার্ভিস সবাইকে অন্তত ৩০০ গজ দূরে অবস্থান করার নির্দেশ দিয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, গুদামের ভেতরে বিভিন্ন দাহ্য রাসায়নিকের মিশ্রণে ‘টক্সিক গ্যাস’ তৈরি হচ্ছে, যা বাতাসের সঙ্গে মিশে এলাকায় বিষাক্ত পরিবেশ তৈরি করেছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগবে বলে তারা ধারণা করছেন।

মতামত দিন