জাতীয়
ছবি: সংগৃহীত

২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি।

নিজেস্ব প্রতিবেদক:

দেশজুড়ে প্রকাশিত হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। আশঙ্কার বিষয় হলো, এবার ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি।

অর্থাৎ এসব প্রতিষ্ঠানে পাসের হার শূন্য।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। একই সময়ে রাজধানীর বকশিবাজারে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরে।

তথ্য অনুযায়ী, এবার সারাদেশে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮৩ শতাংশে, যা গত বছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ কম। ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ।

এ বছর শতভাগ পাস করেছে ৩৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠান। গতবার এই সংখ্যা ছিল ৩৮৬টি, অর্থাৎ শতভাগ পাস করা প্রতিষ্ঠানও কিছুটা কমেছে। তবে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে শূন্য পাসের সংখ্যা—২০২৪ সালে যেখানে ছিল ৬৫টি, এবার বেড়ে হয়েছে ২০২টি, অর্থাৎ প্রায় তিন গুণ বৃদ্ধি।

ফল বিশ্লেষণে দেখা গেছে, এবার মোট ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা গত বছরের চেয়ে প্রায় ৭৮ হাজার কম।

তবে মেয়েদের সাফল্য এবারও ছেলেদের তুলনায় এগিয়ে। পাসের সংখ্যায় ছেলেদের চেয়ে ৫৯ হাজার ২৩২ জন বেশি ছাত্রী সফল হয়েছে, এবং জিপিএ-৫ প্রাপ্তিতেও এগিয়ে রয়েছে ৪ হাজার ৯৯১ জন ছাত্রী।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী ফরম পূরণ করলেও প্রায় ২৭ হাজার পরীক্ষায় অংশ নেয়নি। মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় এ পরীক্ষা। ফল তৈরি করা হয়েছে বাস্তব মূল্যায়ন পদ্ধতিতে।

২০০৫ সালের পর এবারই প্রথম এত কম পাসের হার দেখা গেল, যা শিক্ষাব্যবস্থার গুণগত মান ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

মতামত দিন