এইচএসসি ও সমমানের ফল প্রকাশ:পাসের হার ৫৮.৮৩ শতাংশ,জিপিএ-৫ পেয়েছে ৬৯ হাজারের বেশি।
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাসের হার নেমে এসেছে ৫৮ দশমিক ৮৩ শতাংশে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। একই সময়ে রাজধানীর বকশিবাজারে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি বিস্তারিত ফল তুলে ধরে।
তথ্য অনুযায়ী, বোর্ডভিত্তিক পাসের হার হলো—ঢাকা ৬৪.৬২, রাজশাহী ৫৯.৪০, চট্টগ্রাম ৫২.৫৭, দিনাজপুর ৫৭.৪৯, ময়মনসিংহ ৫১.৫৪, যশোর ৫০.২০, সিলেট ৫১.৮৬, কুমিল্লা ৪৮.৮৬ ও বরিশাল বোর্ডে ৬২.৫৭ শতাংশ। এছাড়া মাদরাসা বোর্ডে ৭৫.৬১ এবং কারিগরি বোর্ডে ৬২.৬৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি ২৬ হাজার ৬৩ জন জিপিএ-৫ পেয়েছে। রাজশাহীতে ১০ হাজার ১৩৭, চট্টগ্রামে ৬ হাজার ৯৭, দিনাজপুরে ৬ হাজার ২৬০, যশোরে ৫ হাজার ৯৯৫, ময়মনসিংহে ২ হাজার ৬৮৪, কুমিল্লায় ২ হাজার ৭০৭, বরিশালে ১ হাজার ৬৭৪, সিলেটে ১ হাজার ৬০২, মাদরাসা বোর্ডে ৪ হাজার ২৬৮ ও কারিগরি বোর্ডে ১ হাজার ৬১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
এবার সারাদেশে ৩৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস করেছে শিক্ষার্থীরা। বিপরীতে ২০২টি প্রতিষ্ঠানে একজনও পাস করতে পারেনি।
গত বছর পাসের হার ছিল ৭৭.৭৮ শতাংশ, যা এবার প্রায় ১৯ শতাংশ কমেছে। জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও কমেছে প্রায় ৭৮ হাজার।
তবে আগের মতোই পাসের হারে এগিয়ে আছে মেয়েরা। ছেলেদের তুলনায় ৫৯ হাজার ২৩২ জন বেশি ছাত্রী পাস করেছে এবং জিপিএ-৫ও বেশি পেয়েছে প্রায় ৫ হাজার ছাত্রী।
উল্লেখ্য, ২০০৫ সালের পর এবারই সর্বনিম্ন পাসের হার রেকর্ড হয়েছে। চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী ফরম পূরণ করলেও প্রায় ২৭ হাজার শিক্ষার্থী শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নেয়নি। মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফল প্রস্তুত করা হয়েছে বাস্তব মূল্যায়ন পদ্ধতিতে।
মতামত দিন