জাতীয়
ছবি: সংগৃহীত

ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা।

নিজেস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বুধবার (১৫ অক্টোবর) জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে পুনর্ব্যক্ত করেছেন, ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। তিনি বলেন, নির্বাচন উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হবে।

ড. ইউনূস রাজনৈতিক দলগুলোর দীর্ঘ আলোচনা ও ‘জুলাই সনদ’-এর চূড়ান্ত বাস্তবায়নের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, দলগুলো ইতিহাসের অংশ হয়ে গেছেন। তিনি জানান, সনদের কপি সব দলের কাছে পৌঁছে দেওয়া হবে এবং তাদের মাধ্যমে সনদের বিষয়গুলো সমাজে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি আরও বলেন, ‘জুলাই সনদ’-এ উল্লিখিত সিদ্ধান্তগুলো রাজনৈতিক চর্চা এবং দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করতে হবে।

এর আগে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা অংশ নেন। গত মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর কাছে ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’-এর চূড়ান্ত অনুলিপি পাঠানো হয়। যদিও সনদে প্রস্তাবিত সংস্কার বাস্তবায়নের বিস্তারিত সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়নি; কমিশন পরে এ বিষয়ে সুপারিশ দেবে।

জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে সংবিধান, নির্বাচন, জনপ্রশাসন, দুর্নীতি দমন, পুলিশ ও বিচার বিভাগ সংস্কার নিয়ে পৃথক ৬টি কমিশন গঠন করে। এই কমিশনগুলোর সুপারিশের ভিত্তিতেই জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়েছে।

মতামত দিন