জাতীয়
ছবি: সংগৃহীত

ভাঙ্গায় দুই বাসের সংঘর্ষে দুজন নিহত, আহত ১৫।

নিজেস্ব প্রতিবেদক:

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ফরিদপুর–বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামসুন্নাহার বেগম (৪০) বরিশালের উজিরপুর উপজেলার বাসিন্দা ও পুলিশ কর্মকর্তা নজরুল ইসলামের স্ত্রী। অপর নিহত শিশু রাবেয়া আক্তার (১০) পটুয়াখালীর কলাপাড়া উপজেলার হানিফ গাজীর মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে শ্যামলী পরিবহনের একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করে বরিশালগামী ইউরো লাইন পরিবহনের বাসটি। এসময় দুটি বাসের ধাক্কাধাক্কিতে ইউরো লাইন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পানি ভর্তি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রোকিবুজ্জামান জানান, দুর্ঘটনার পর দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। দুই বাসই জব্দ করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

মতামত দিন