জাতীয়
ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় তিন মাসে ১০৮ হারানো মোবাইল উদ্ধার ও সাড়ে ৩ লাখ টাকা ফেরত।

নিজেস্ব প্রতিবেদক:

সাতক্ষীরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট তিন মাসে ১০৮টি হারানো মোবাইল উদ্ধার এবং অনলাইন প্রতারণায় হাতানো ৩ লাখ ৬০ হাজার টাকার বেশি অর্থ ফেরত দিয়েছে। এই সম্পদগুলো পুনরায় মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মোবাইলগুলোর মোট বাজারমূল্য প্রায় ১৬ লাখ ২০ হাজার টাকা।

জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন থানায় ২২৫টি মোবাইল হারানোর অভিযোগ করা হয়েছিল। পুলিশ ১০৮টি ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ ছাড়া, অনলাইন প্রতারণার শিকার ২০ জনের অর্থও উদ্ধার করা হয়েছে। একই সময়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য প্ল্যাটফর্মে হ্যাক হওয়া ২১টি অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা হয়েছে এবং অনলাইন হয়রানির শিকার ৮ নারীকে সরাসরি সহায়তা দেওয়া হয়েছে।

সাইবার ক্রাইম ইউনিটের পরিসংখ্যান অনুযায়ী, প্রতিষ্ঠার পর থেকে মোট ১ হাজার ৫৪৯টি মোবাইল উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৩২ লাখ ৩৫ হাজার টাকা। এছাড়া বিকাশ ও নগদ ব্যবহারের প্রতারণা রোধ করে ৪৩ লাখ ৩২ হাজার ৩৯৫ টাকা ফেরত দেওয়া হয়েছে।

পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, “প্রযুক্তির সঙ্গে অপরাধও জটিল হচ্ছে। তাই সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ইউনিট গঠন করা হয়েছে। সাধারণ মানুষ দ্রুত তথ্য দিলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে।”

মতামত দিন