শিক্ষা উপদেষ্টা ও মন্ত্রণালয়কে আইনি নোটিশ।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) পদে গত ৬ অক্টোবর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবিতে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, বিজ্ঞপ্তি প্রত্যাহার না করলে বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আইনি নোটিশ পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন, জনপ্রশাসন সচিব এবং সরকারি কলেজ শাখা-১ এর উপসচিবকে। নোটিশটি পিআরএলে থাকা মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক অধ্যাপক মো. আবেদ নোমানীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী কায়সারউজ্জামান পাঠিয়েছেন।
এর আগে বিজ্ঞপ্তিতে বলা হয়, মাউশির মহাপরিচালক পদে কাজ করতে আগ্রহী বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৬তম এবং তদূর্ধ্ব ব্যাচের কর্মকর্তাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ অফলাইনে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সৎ, দায়িত্বপরায়ণ ও প্রশাসনিক কাজে দক্ষ হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণের ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর থাকা আবশ্যক।
মতামত দিন