জাতীয়
ছবি: সংগৃহীত

সচিবালয় অভিমুখে এমপিওভুক্ত শিক্ষকদের লংমার্চে পুলিশের বাধা।

নিজেস্ব প্রতিবেদক:

বাড়িভাড়া ও ভাতা বৃদ্ধিসহ তিনটি দাবিতে সচিবালয়ের দিকে অগ্রসর হতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে হাইকোর্ট মোড়ে পৌঁছালে তাদের লংমার্চটি পুলিশ আটকে দেয়।

এর আগে বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ব্যানারে সচিবালয় অভিমুখে লংমার্চ শুরু হয়। সংগঠনের সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী জানান, প্রশাসনকে বিকেল চারটা পর্যন্ত প্রজ্ঞাপন জারির সময়সীমা দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে প্রজ্ঞাপন না আসায় তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।

হাইকোর্ট মোড়ে ও শিক্ষা ভবনের সামনে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। সেখানে দুই স্তরে ব্যারিকেড বসানো হয় এবং প্রস্তুত রাখা হয় দুটি জলকামান ও দুটি সাঁজোয়াযান।

শিক্ষক নেতারা জানান, সকালে শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে আলোচনার প্রস্তাব এলেও তারা তা প্রত্যাখ্যান করেছেন। তাদের বক্তব্য, “এখন আলোচনার সময় নয়, শুধু প্রজ্ঞাপন চাই।”

সকাল থেকেই শহীদ মিনার প্রাঙ্গণে হাজারো শিক্ষক-কর্মচারী অবস্থান নিয়ে ছিলেন। আন্দোলনকারীদের প্রধান তিন দাবি—মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম তিন হাজার টাকা) বাড়িভাতা বৃদ্ধি, শিক্ষক-কর্মচারীদের চিকিৎসা ভাতা দেড় হাজার টাকায় উন্নীত করা, এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করা।

মতামত দিন