জাতীয়
ছবি: সংগৃহীত

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) আরও তীব্র আকার নিয়েছে। বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয়ের দিকে পদযাত্রা শুরু করেন আন্দোলনরত শিক্ষকরা।

শিক্ষকরা দাবি করেন, সরকার ২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদান করবেন না।

এর আগে সোমবার (১৩ অক্টোবর) সারাদেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে পাঠদান বন্ধ ছিল। সরকারের প্রস্তাবিত বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিকে আন্দোলনকারীরা ‘অপর্যাপ্ত ও অবাস্তব’ হিসেবে অভিহিত করেছেন। তারা মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধির পাশাপাশি সর্বজনীন বদলি নীতি বাস্তবায়নেরও দাবি তুলেছেন।

গত ১২ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থানকালে পুলিশ শিক্ষকদের সরানোর চেষ্টা করলে ধস্তাধস্তি এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এর পরে আন্দোলনের নেতারা শিক্ষকদের শহীদ মিনারে অবস্থান নেওয়ার আহ্বান জানান। শিক্ষকরা রোববার ও সোমবার রাতভর খোলা আকাশের নিচে অবস্থান করেছেন; কেউ চট বিছিয়ে, কেউ ব্যানারের নিচে রাত কাটিয়েছেন। তারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন ও কর্মবিরতি চলবে।

এদিকে, দেশজুড়ে শিক্ষকেরা এখনো কর্মবিরতি পালন করছেন। বিদ্যালয়ে উপস্থিত থাকলেও শ্রেণিকক্ষে প্রবেশ করছেন না, এবং পাঠদান কার্যক্রমে অংশ নিচ্ছেন না। শিক্ষকরা অফিস বা লাউঞ্জে অবস্থান করছেন, সঙ্গে বিভিন্ন স্থানে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও জেলার শিক্ষকরা ঢাকায় অবস্থানরত আন্দোলনকারীদের প্রতি সংহতি প্রকাশ করছেন।

মতামত দিন